Monday, 12 February 2024

আচার্য নৃসিংহাশ্রম—

 


নৃসিংহাশ্রম অদ্বৈতবেদান্তের একজন বিখ্যাত আচার্য। তিনি জগন্নাথ আশ্রমের শিষ্য এবং রামতীর্থের সতীর্থ। ইনি ১৫৪৭ খৃষ্টাব্দে "বেদান্ত-তত্ত্ববিবেক" নামে এক অতি উপাদেয় প্রমেয় বহুল গ্রন্থ রচনা করেন। এতদ্ব্যতীত তিনি ভেদ-ধিক্কার, অদ্বৈত-দীপিকা, অদ্বৈতপঞ্চরত্ন, পঞ্চপাদিকা বিবরণের উপর ভাব-প্রকাশিকা টীকা, সংক্ষেপ শারীরকের ব্যাখ্যা তত্ত্ববোধিনী, মল্লনারাধ্যাচার্যের অভেদরত্নের উপর তত্ত্বদীপন নামে টীকা, বৈদিকসিদ্ধান্ত-সংগ্রহ প্রভৃতি রচনা করে অদ্বৈত-বিরোধী মতবাদ ছিন্নভিন্ন করে অদ্বৈতবেদান্তের বিজয়-বৈজয়ন্তী সুপ্রতিষ্ঠিত করেন।

নৃসিংহাশ্রমের প্রত্যেকখানা গ্রন্থই যুক্তির গভীরতায়, তর্কের সাবলীল গতিতে এবং রচনা-কৌশলে অতুলনীয়। ইনার মত পণ্ডিত কদাচিৎ দৃষ্ট হয়। নৃসিংহাশ্রমই অপ্পয়-দীক্ষিতকে তাঁর পিতা রঙ্গরাজাধ্বরি পিতামহ আচার্য দীক্ষিতের অসামান্য অদ্বৈত-বিদ্যাবত্তা অদ্বৈত-নিষ্ঠার কথা স্মরণ করিয়ে শৈব-বিশিষ্টাদ্বৈত মত পরিত্যাগ করিয়ে অদ্বৈতবাদের বিবিধ নিবন্ধ রচনায় উদ্বুদ্ধ করেন। তাঁরই অনুপ্রেরণাই অপ্পয়দীক্ষিত বেদান্তকল্পতরু পরিমল, সিদ্বান্তলেশ-সংগ্রহ প্রভৃতি অদ্বৈতবেদান্তের কালজয়ী গ্রন্থরাজি রচনা করে অদ্বৈতবাদকে সুদৃঢ় ভিত্তিতে স্থাপন করেন।

নৃসিংহাশ্রম বেদান্ত-তত্ত্ববিবেকে জগতের মিথ্যাত্ব নিরূপণ করতে গিয়ে চিৎসুখাচার্যের মতের অনুবর্তন করেছেন। এই বেদান্ত-তত্ত্ববিবেকের উপর জ্ঞানেন্দ্র সরস্বতীর শিষ্য অগ্নিহোত্রীর তত্ত্ববিবেচনী নামে টীকা আছে। সিদ্ধান্তকৌমুদীর রচয়িতা ভট্টোজি দীক্ষিতও তত্ত্ববিবেকের উপর বিবরণ নামে টীকা রচনা করেছিলেন বলে জানা যায়। নৃসিংহাশ্রমের শিষ্য নারায়ণাশ্রম নৃসিংহাশ্রমের অদ্বৈতদীপিকার উপর বিবরণ নামে টীকা ভেদধিক্কারের উপর সৎক্রিয়া নামে টীকা রচনা করে নৃসিংহাশ্রমের দার্শনিক মত বুঝবার পথ সুগম করেন।.......

তথ্যসূত্রঃ-

. বেদান্তদর্শনঅদ্বৈতবাদ, আশুতোষ শাস্ত্রী কাব্য-ব্যাকরণ-সাংখ্য-বেদান্ততীর্থ বিদ্যাবাচস্পতি।

. শ্রীযোগেন্দ্রনাথ তর্কসাংখ্যবেদান্ততীর্থ অনুবাদিত "অদ্বৈতসিদ্ধিঃ" গ্রন্থের ভূমিকা।

শ্রীশুভ চৌধুরী

ফেব্রুয়ারি ১১, ২০২৪ খৃষ্টাব্দ।

No comments:

পরমাত্মার অবস্থা চতুষ্টয় (পরব্রহ্ম, ঈশ্বর, বিরাট, হিরণ্যগর্ভ)—

  ' পঞ্চদশী ' র চিত্রদীপ প্রকরণে আচার্য বিদ্যারণ্য স্বামী এর একটি সুস্পষ্ট ধারণা দিচ্ছেন — যথা চিত্রপটে দৃষ্টমবস্থানাং...